পকেটের চাবিতেই মিলল নদীতে ভাসা লাশের পরিচয়
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মদনে নিখোঁজের দুই দিন পর মগড়া নদী থেকে লতিফ মিয়া নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে দক্ষিণ বালালী গ্রামের মৃত গেদু মিয়ার বাড়ির পেছনে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লতিফ মিয়া বাঘমারা গ্রামের মৃত লাবু হাজীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি লতিফ মিয়া। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার মগড়া নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী হেভেনা আক্তার লাশটি শনাক্ত করেন। তার কপালে ছিদ্রযুক্ত জখমের চিহ্ন রয়েছে।
এ নিয়ে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্বজন ও পুলিশ। তিয়শ্রী ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান জানান, লাশটির পকেটে একটি চাবি পাওয়া যায়। ওই চাবি দিয়ে পুলিশ তার বাড়ির দরজা খুলে। পরে পরিবারের সদস্যরা লাশটি লতিফ মিয়ার বলে শনাক্ত করেন। নিহতের স্ত্রী হেভেনা আক্তার বলেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
ওসি তদন্ত ওয়াসিম কুমার তালুকদার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
