ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল
|
ফলো করুন |
|
|---|---|
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে ভাঙ্গা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বেশ কিছু নেতাকর্মী একটি ঝটিকা মশাল মিছিল বের করেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থক এবং এলাকাবাসী তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো— ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের গঙ্গাদরদী গ্রামের এস্কান্দার শরীফের ছেলে রাহুল ইসলাম (১৭), ভাঙ্গা পৌরসভার শিলাধর চর গ্রামের ইকবাল শেখের ছেলে আশিক শেখ (১৬), একই গ্রামের বাবুল শেখের ছেলে সামিউল শেখ (১৫) এবং পশ্চিম হাসামদিয়া গ্রামের আহমেদ আলীর ছেলে আমির হামজা ওরফে নুর (১৭)।
ওই মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন অল্পবয়সি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়ে মশাল মিছিল নিয়ে স্লোগান দেয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে তিনজন এবং অভিযান চালিয়ে আরও একজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
