তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে আসা এক তরুণীকে কাশবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। একই সঙ্গে মোবাইল ফোনে ধারণ করা হয় ঘটনার ভিডিও। এ ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদানের আদেশ দেন।
এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
এই মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (২৬), রহিম মোল্লা (২৬), মনির শেখ (৩১), হৃদয় খাঁ (২৬), ইলিয়াস শিকদার (৩২), মোস্তাক শেখ (৩১) এবং রিয়াজ শিকদার (২৬)। আসামিরা সবাই ফরিদপুর সদর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ডিক্রিরচর এলাকার ধলার মোড়ে বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। এ সময় বন্ধু আসতে দেরি করায় পদ্মা নদীর পাশে কাশবনে ঘুরতে যান তিনি। আসামিরা দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে ওই অজ্ঞাতনামা তরুণীকে জোরপূর্বক আটকে রাখে। সেখানে আসামিরা ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ঘটনার একটি ২৩ সেকেন্ডের ভিডিও চিত্র ধারণ করে। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরে ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হস্তগত হলে পুলিশ তৎপরতা শুরু করে। এরপর ২০২০ সালের ৬ আগস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেফতার করে। সেই সময় ডিবি পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের শনাক্ত ও তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।
