আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সহসভাপতি এ এস এম ফেরদাউস।
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।
এদিকে, কয়েক দিনের মধ্যে সোনালী ব্যাংকে ম্যানেজার পদে তার যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় তার প্রভাব ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েক দিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

