|
ফলো করুন |
|
|---|---|
দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্তান’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা যায়৷
সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও নৈরাজ্য সৃষ্টি, বোমাবাজি এবং গাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে আমরা এ বিক্ষোভ মিছিল করেছি। গতরাতে আমরা ক্যাম্পাসে পাহারা দিয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মোকাবিলা করব।
