ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
গত এক সপ্তাহে শুধু সদর হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮৩ জন ডেঙ্গু রোগী।
|
ফলো করুন |
|
|---|---|
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালসহ জেলার চারটি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪০ জন রোগী ভর্তি রয়েছেন। গত এক সপ্তাহে শুধু সদর হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে নারী ও শিশু ৫০ জন।
ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলা শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি—এই সাতটি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি।
এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৯১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৮৭২ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ বছর আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে।
চিকিৎসকরা বলছেন, জ্বর হলে দ্রুত পরীক্ষা করানোর পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর জানান, ঝালকাঠি শহরের খালগুলো অপরিষ্কার এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার কারণে পানি জমে থাকছে। এতে ডেঙ্গুর মশার উপদ্রব বেড়েছে। ফলে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান সানি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আশা করা হচ্ছে, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম দিকে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন রোগীর সংখ্যাও কমে আসবে।

-6af32be0ced19.jpg)