অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি মেয়র রুকুনোজ্জামান রুকন।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের এ অপরাজনীতি রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এমএ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, কায়কোবাদ মামুন, বিএনপি নেতা শামীম আজাদ, মিলন আকন্দ, সুজাউদৌলা সুজা, নজরুল ইসলাম ভূঁইয়াসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
