‘ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগোবে বাংলাদেশ’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
বুধবার (১৮ নভেম্বর) সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রপ্রিয় জনগণকে হত্যা, গুম ও খুন করা হয়েছে। জুলাই আন্দোলনে শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পাশের দেশে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রপ্রিয় প্রতিটি মানুষকে জেগে উঠতে হবে।
যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করছেন। তাদের একটাই চাওয়া—বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান, জ্যেষ্ঠ সহসভাপতি হাসেম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, যুবদল নেতা তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহম্মেদ ফারুক, তাজুল ইসলাম ও মঞ্জু মোল্লা।
সভা পরিচালনা করেন জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম।
