ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি
Advertisement
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ ও দুটি এসি পাওয়ার কার।
|
ফলো করুন |
|
|---|---|
ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। সেখানে প্রয়োজনীয় ডিপ্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার (১৭ অক্টোবর) ভোর ৩টা ৫৫ মিনিটে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে।
এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ ও দুটি এসি পাওয়ার কার।
পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে।
রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান কোচগুলো দিয়ে সরাসরি চিলাহাটি-কক্সবাজার পর্যটন রুটে একটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত কোচগুলো রেলবহরে যুক্ত করা হলে কোচ সংকট কমবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো এখনো খোলা হয়নি। শিগগিরই সেগুলো খুলে পরীক্ষা-নিরীক্ষা করে দেশের রেলপথে ব্যবহারের উপযোগিতা যাচাই করা হবে। এ কাজে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও অংশ নেবেন।
তিনি আরও জানান, কারখানায় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রান সম্পন্ন করে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।

