আগাম আলুতে কৃষকের মুখে হাসি
আব্দুর রাজ্জাক, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জে আগাম জাতের নতুন আলু তুলছে কৃষকরা
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর কিশোরগঞ্জে আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। বেলে-দোআঁশ মাটিতে ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে পরিপক্ব হওয়া ‘সেভেন’ জাতের এ আলু খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে কিনে নিচ্ছেন পাইকাররা।
পুরোনো আলুর বাজারদর কম থাকলেও নতুন আলুতে ভালো দাম পেয়ে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিন দেখা যায়, গত বছরের লোকসানের বোঝা কমাতে এ অঞ্চলের কৃষকরা বৃষ্টির ঝুঁকি নিয়ে আশ্বিন মাসের শুরুতে উঁচু জমিতে আগাম আলু রোপণ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলন ভালো হয়েছে। চলতি সপ্তাহেই উপজেলার দিগন্তবিস্তৃত মাঠে আগাম আলু তোলা পুরোদমে শুরু হবে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কৃষক আব্দুল হাই ও দুলু মিয়া জমি থেকে আগাম আলু তুলে খেত থেকেই পাইকারদের কাছে ৫২ টাকা কেজি দরে বিক্রি করেছেন।
কৃষক আব্দুল হাই জানান, গত বছর চার বিঘা জমিতে আলু চাষ করে তার প্রায় লাখ টাকা লোকসান হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে আশ্বিনের শুরুতে বৃষ্টির ঝুঁকি নিয়েই ওই চার বিঘা জমিতে আগাম আলুর বীজ বোনেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির আলু ৫৮ দিনে তোলা হচ্ছে। এতে প্রায় এক হাজার কেজি আলু উৎপাদন এবং খরচ বাদে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।
অপর কৃষক দুলু মিয়া জানান, তিনি পাঁচ বিঘা জমির মধ্যে আড়াই বিঘার আলু তুলেছেন এবং ৫২ টাকা কেজি দরে মৌসুমি ব্যবসায়ী শাহজাহান ও রফিকের কাছে খেত থেকেই বিক্রি করেছেন। আড়াই বিঘায় দেড় হাজার কেজি আলু উৎপাদন এবং খরচ বাদে ২৩ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। তবে অন্য বছরগুলোতে চড়া দামে বিক্রি করে এর দ্বিগুণ মুনাফা পেয়েছিলেন বলে জানান তিনি।
এদিকে পুরোনো আলুর দরপতনের কারণে অন্যান্য চাষিরা নতুন আলুর দাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। দুই-এক দিনের মধ্যেই তারাও আলু তোলার প্রস্তুতি নিচ্ছেন। ভালো বাজারদর পেলে খরচ বাদে দ্বিগুণ লাভবান হবেন বলে তারা আশাবাদী।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে আগাম আলু তোলা শুরু হয়েছে। কৃষকরা প্রতি কেজি আলু ৫২ থেকে ৬২ টাকা দরে বিক্রি করছেন। বিগত বছরগুলোর মতো এ বছরও আগাম আলুর ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি।
