চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে মো. আবদুর রাজ্জাক নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে।
সোমবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
মো. আবদুর রাজ্জাক (৫৫) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের মৃত সোফিয়া রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩০০ গজ উত্তরে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন আবদুর রাজ্জাক। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার মাথা ফেটে যায়। ভেঙে যায় তার বাম হাত। এছাড়া বাম পায়ে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
