মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা উল্টে কলেজছাত্রী নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
সুমাইয়া আক্তার
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে সুমাইয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তার আরও দুই সহপাঠী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রুয়াচালা গ্রামের মো. আমির হোসাইনের মেয়ে। তিনি নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। বাবার ব্যবসায়িক সূত্রে তারা নবীনগর উপজেলার রসূল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
এ দুর্ঘটনায় আহতরা হলেন— সুমাইয়ার দুই সহপাঠী ইভা (১৭) ও মিথিলা (১৭)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সুমাইয়া ও তার বন্ধুরা। অটোরিকশাটি পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মফিজুল ইসলাম খোকন নামের এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় অটোরিকশাটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায় এবং সুমাইয়া নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকন সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ও সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
