কালকিনিতে হাসপাতালের ওয়াশরুম নিজহাতে পরিস্কার করলেন এমপি খোকন
Advertisement
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়াশরুমের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে নিজ হাতে ওয়াশরুম পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ পরিস্কার-পরিছন্ন কাজে অংশগ্রহন করে। নিজ হাতে আবর্জনা পরিস্কার সম্পর্কে আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘আমাদের নিজ পরিবারের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোকে যেন আমরা সবসময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে গড়ে তুলতে পারি, সে বিষয়ে সকলের প্রতি বিনীত অনুরোধ রইল।
তিনি আরও বলেন, ‘আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই সেবা প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি ও ঘর বলে মনে করবেন, এটিই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান, তাতে তার সদিচ্ছার কোনো কমতি নেই। তার কর্মী হিসেবে আমরাও আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এর জন্য আপনাদের সচেতন হতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদাসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
