নেত্রকোনায় আলিফ হত্যায় আসামির ফের ৪ দিনের রিমান্ড
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় গ্রেফতার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর ফের ৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন।
এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন একই আদালত। রিমান্ড মঞ্জুরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তাকে ছয়টি গুলি করা হয়েছিল। এ ঘটনায় আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ গত শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকার পুরোনো সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলামকে গ্রেফতার করে। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন তিনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। ১ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে অপূর্বকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
