বীজ প্রতারণায় ক্ষোভ
তানোরে তোপের মুখে কৃষক সমাবেশ পণ্ড!
Advertisement
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর তানোরে বিক্ষুব্ধ কৃষকের তোপের মুখে ব্র্যাকের কৃষক সমাবেশ পণ্ড হয়ে গেছে। এসময় বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে বাঁচতে ডিলার, সাব-ডিলার ও কর্মকর্তারা দৌঁড়ে পালিয়ে রক্ষা পান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার মোহর ঘোড়াডুবি মোড়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার তালন্দ ইউপির ঘোড়াডুবি মোড়ে ব্র্যাকের বীজ ডিলারের উদ্যোগে আলুবীজ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় গত মৌসুমে আলুচাষে ক্ষতিগ্রস্ত কৃষকরা সভায় উপস্থিত ডিলার গোলাম মোর্তজা, সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তাদের দেখতে পায়। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কি হলে উত্তেজনার মুহূর্তে আয়োজকদের ধাওয়া দেওয়া হয়। এমন পরিস্থিতিতে প্রতিকূল অবস্থা বুঝতে পেরে ডিলার, সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তারা কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় কৃষক সাজা দেওয়ান বলেন, ব্র্যাকের সাব-ডিলার দুলাল, তুষার, সাজু ও আহাদ আলী ব্র্যাকের আলুবীজ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের কারণে অসংখ্য আলুচাষি কৃষক প্রতারিত হয়ে নিঃস্ব হবার পথে। তাদের সাব-ডিলারশীপ বাতিল করা না হলে মোহর গ্রামে ব্র্যাকের আলুবীজ নিয়ে কোনো সভা করতে দেব না, এমনকি এই এলাকার কোনো কৃষক ব্র্যাকের আলুবীজ রোপণ করবে না।
স্থানীয় কৃষক এনামুল জানান, গত মৌসুমে সাব-ডিলার তার কাছে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েছেন, কিন্তু কোনো আলুবীজ না দিয়ে কালোবাজারে বেশি দামে আলুবীজ বিক্রয় করেছেন।
কৃষক ওমর আলী ও সবদুল বলেন, ব্র্যাকের এসব সাব-ডিলার ইতিপুর্বে কৃষকদের সঙ্গে বীজ নিয়ে প্রতারণা করেছেন। তারা এলাকায় আলুবীজ না এনে একটি স্টোরে ও নারায়নপুর এলাকায় কালোবাজারে চারগুন বেশিদামে বিক্রি করেছেন। আবার অনেক কৃষককে রিপ্যাক করে নিম্নমানের বীজ দিয়ে প্রতারিত করেছেন। তাদের সাবডিলার বাতিল করা না হলে তারা ব্র্যাকের কোনো আলুবীজ রোপণ করবেন না এবং মোহর গ্রামে ব্র্যাকের আলুবীজ নিয়ে কোনো সভা করতে দেবেন না।
এ বিষয়ে ব্র্যাকের বীজ ডিলার গোলাম মোর্তুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকরা কি কারণে আয়োজন পণ্ড করল সেটা তার জানা নেই। তিনি বলেন, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
এ ব্যাপারে ব্র্যাকের আলুবীজ বিষয়ক কর্মকর্তা (টেরিটরি) আমিনুল ইসলাম বলেন, তারা কৃষকদের সঙ্গে আলুবীজ বিষয়ক মতবিনিময় সভা করতে এসেছিলেন, কিন্তু বিক্ষুব্ধ কৃষকের তোপের কারণে সেটা সম্ভব হয়নি। তিনি বলেন, ডিলারদের কিছু অপকর্ম বা দুর্নীতি রয়েছে, নইলে এমন ঘটনা ঘটার কথা নয়।
সাব ডিলার তুষার বলেন, তিনি শাহীনের সাব-ডিলার, তার কোনো সমস্যা নেই। বীজ ডিলার মোর্তুজার সাব ডিলারদের নিয়ে কৃষকরা কিছুটা ক্ষুব্ধ বলে জানান তিনি।
