খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:১৮ এএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে পূজার শুভেচ্ছা খাম তুলে দেওয়া হয়।
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ কর্মজীবনে এবারই প্রথম দুর্গাপূজার উপহার পেলেন মানিকগঞ্জের ঘিওর খাদ্যগুদামের শ্রমিক সর্দার জিতেন। স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারালেও দায়িত্ব থেকে সরে যাননি তিনি। এখনো একদল তরুণ শ্রমিককে নেতৃত্ব দিয়ে কাজ করছেন। পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিন যুগেরও বেশি সময় ধরে খাদ্য বিভাগের সঙ্গে যুক্ত থাকা এই শ্রমিক।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে পূজার শুভেচ্ছা খাম তুলে দেওয়া হয়। মানিকগঞ্জের খাদ্য বিভাগের ৩১ জন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকের জন্য এ উপহারের ব্যবস্থা করা হয়। জিতেন সর্দার ও বলরাম সর্দারের হাতে শ্রমিকদের উপহার তুলে দেন খাদ্যমন্ত্রী।
খাদ্য বিভাগের কাজে জিতেন সর্দারের কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে। স্ট্রোকের পর দৃষ্টিশক্তি হারালেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। খাদ্যগুদামের কার্যক্রম সচল রাখতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল হোসেন এবং ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব যুগান্তরকে বলেন, যাদের শ্রমে-ঘামে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, সেই শ্রমিকদের কথা বিশেষভাবে বিবেচনা করেছেন খাদ্যমন্ত্রী। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের জন্য এ উদ্যোগ খাদ্য বিভাগের বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।

