কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
Advertisement
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় কর্মস্থলে ফেরার পথে বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলাম রব্বানী ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। তিনি ছুটি শেষে নিজ জেলা রংপুর থেকে প্রাইভেট কার যোগে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পথে সোনকা এলাকায় পৌঁছালে তার গাড়িটির সঙ্গে মহাসড়কের আইল্যান্ডের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামস-ই-তাবরীজ ও এসআই মো. মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫) রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তার লাশ বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
শেরপুর থানার ওসি একরামুল হোসেন জানান, লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
