রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে এক জুমচাষি মারা গেছেন। তার নাম হরিমনি ত্রিপুরা (৪৫)।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হরিমনি ওই এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরিমনি। এ সময় পাহাড়ের জঙ্গল থেকে হঠাৎ একদল বন্য শূকর নেমে এসে তাকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় তিনি পালানোর চেষ্টা করেও রক্ষা পাননি। এতে শূকরের আক্রমণে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করেছেন। এলাকাটি দুর্গম, তাই লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
