গোপন বৈঠক থেকে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
Advertisement
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের গৌরনদীতে গোপন বৈঠককালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা হয়েছে। এসআই মো. পারভেজ আহমেদ বাদী হয়ে হয়ে মামলাটি করেন।
গ্রেফতারকৃতরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু, নিষিদ্ধ মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার (৩০), পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী (৫০), সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম (৫৫), বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হাওলাদার (৩২), পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুম সরদার (৩৯) ও পৌর ছাত্রলীগের সদস্য সজীব সরদার (২৯)।
এজাহারে বলা হয়েছে- রোববার বিকাল ৫টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিল্বগ্রামের বাড়িতে ঝটিকা মিছিল ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। পালানোর চেষ্টাকালে আহত চারজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, আগামী ডিসেম্বরে দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম চালু ও ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন মিয়া (৫৫), সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু (৫০), কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার হাওলাদার (৪৫), উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া (৪০) প্রমুখ।
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
