সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন নারী
Advertisement
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর রায়পুরায় বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। দুই গ্রুপের সংঘর্ষের জন্য ওই গুলি বহন করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
সোমবার ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী বাসটিতে তল্লাশির সময় ওই নারীর কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুইপক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলিগুলো বহন করছিলেন বলে জানিয়েছেন তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গুলি পরিবহণের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
