ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে জালিয়াতি করে ভোট প্রদানকালে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজনই স্থানীয় দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন—আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, আমরা তিনজন ভুয়া ভোটারকে হাতেনাতে ধরেছি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। বর্তমানে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপনির্বাচনে তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উল্লেখ্য, এবারের উপনির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
