বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
বিদেশি মদসহ গ্রেফতার যুবক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (শুক্রবার) তার বিয়ে হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (শুক্রবার) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার মো. সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা জামপুর ইউনিয়নে বিএনপির সহ-প্রচার সম্পাদক। আজ (শুক্রবার) রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সাদিকুল ইসলাম শুভর গতিরোধ করে এক বোতল বিদেশি মদসহ তাকে আটক করে পুলিশ।
তার বাবা বিএনপি নেতা নজরুল ইসলামের দাবি, গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে তার ছেলে শুভর কিছু বন্ধু আনন্দ-ফুর্তি করার জন্য তাকে এ মদ আনার দাবি করে। এক বোতল বিদেশি মদ নিয়ে আসার পথে তাকে পুলিশ আটক করে। তবে এ মদের বিষয়ে তার পরিবার অবগত নয়। তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীর রাজনৈতিক পরিবার বা বিয়ে দেখার সুযোগ নেই। আইন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবে। বিদেশি মদসহ গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

