গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের নাওজোড়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধদের মধ্যে ১৮ বছর বয়সি আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সি আহাদের শরীরের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সি আশরাফুলের শরীরের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সি নাঈমের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
দগ্ধদের মধ্যে আবদুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে (উচ্চমাত্রার পর্যবেক্ষণ ও চিকিৎসার ইউনিট) রাখা হয়েছে বলে জানান তালহা বিন জসিম। তিনি বলেন, নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
