Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

কক্সবাজারে তিন মোটরসাইকেলে এসে প্রাইভেটকার ঘিরে ব্যবসায়ীকে গুলি

Advertisement

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় চলন্ত প্রাইভেট কারের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি এ হামলায় অংশ নেন বলে জানিয়েছেন গুলিবিদ্ধ ব্যবসায়ী।

জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় থাকেন। ওই এলাকায় ও রামুতে তার আসবাবপত্রের ব্যবসা রয়েছে।

মাহমুদুল হক জানান, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন হামলাকারীরা। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে লিয়াকত আলীর ভাই জায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। কিতাব আলী, ওয়াদুদ আলী ও মো. নাসেরের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একটি মামলায় গ্রেফতার হয়ে লিয়াকত আলী বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তার ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন লিয়াকত আলী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খরুলিয়া এলাকায় মাহমুদুল হক নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম