পাবনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। স্থানীয়দের দাবি, হামলার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল গিয়ে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

