মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ইউনুস মণ্ডল
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে (২৫) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. ইউনুস মণ্ডল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে তার ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন। পেশায় কৃষক ইউনুস প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি মাকে গালিগালাজ করার একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পরপরই নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরদিন পুলিশ আসামি ইউনুস মণ্ডলকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করে। পরে ইউনুস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এমনকি বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
পিপি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদনসাপেক্ষে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
