ধামরাইয়ে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে তিনটি পেট্রলবোমা এবং চারটি কালার স্মোকসহ নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি পেট্রলবোমা ও চারটি কালার স্মোক উদ্ধার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
