মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রলবোমা বিস্ফোরণ, গ্রেফতার ৫
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রলবোমা বিস্ফোরণ, গ্রেফতার ৫
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার গোড়াই ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক ২০০ গজ দূরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান (২০), ঘাটাইল উপজেলার ফুলমালীর চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতাররা মির্জাপুর উপজেলার বাসিন্দা না হয়েও পার্শ্ববর্তী উপজেলা থেকে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশে এ নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোড়াই এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
