Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, মালিক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক, মালিক আটক

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার পর রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যায়। পরে সেখান থেকে ওই দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান নূর।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই রোগী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে। তাদের ভর্তি করে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম