বরগুনায় নদীর তীরে মিলল মৃত কুমির!
Advertisement
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ১২:৪৫ পিএম
বরগুনায় পায়রা নদীর তীর থেকে মৃত কুমির উদ্ধার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনা সদর উপজেলার পায়রা নদীর পাড়ে একটি মৃত কুমির পাওয়া গেছে। কুমিরটি লম্বায় পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ১৬ কেজি।
শনিবার বিকালে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী এলাকার পায়রা নদীর পাড় থেকে প্রথমে জীবিত অবস্থায় কুমিরটি পান এলাকাবাসী।
এদিকে কুমিরটি দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছেন। শহরে এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নাপিতখালী গ্রামের বাসিন্দা সতীশ চন্দ্র হাওলাদারের ছেলে নিশক হাওলাদার জানান, নদীর পাড়ে গিয়ে কুমিরটি চরে দেখতে পাই। পরে একই এলাকার বেল্লাল মৃধা, সুনিল, পলাশ গাজী, সাগর, সোহেল, লিটন, জাহাঙ্গীর, মামুন, পারভেজ, বাহাদুর, ছগির মিলে কুমিরটিকে জাল দিয়ে ধরে ফেলেন। পরে কুমিরটিকে বেল্লাল মৃধার বাড়ির পুকুরে রশি দিয়ে বেঁধে রাখা হয়।
বরগুনা বন বিভাগের কর্মকর্তা মতিউর রহমান ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই কুমিরটি মারা যায়।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ যুগান্তরকে জানান, পায়রা নদী থেকে একটি কুমির উদ্ধার করেছে এলাকাবাসী। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত কুমির দেখতে পাই। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে কুমিরটি বরগুনা পশু হাসপাতালে নিয়ে এসেছি। মৃত কুমিরের চামড়া ছিলে মাংসের কিছু অংশ ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসে পরীক্ষার পাঠানো হবে এবং বাকি অংশ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান কুমিরটি অসুস্থ হওয়ার কারণেই নদীর কিনারে আসে।
তা ছাড়া কুমিরটি যদি কেউ ইচ্ছে করে মেরে থাকে, তা হলে তার বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
