বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০১:১৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের ভূষণ স্কুল রোডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কালীগঞ্জ পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠু মালিথার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
এ ছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মুক্তার হোসেন ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহাগ।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
