Logo
Logo
×
   

সারাদেশ

কে হচ্ছেন যবিপ্রবির নয়া ভিসি, আলোচনায় ৭ অধ্যাপক

Icon

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২১, ০৬:৪১ পিএম

কে হচ্ছেন যবিপ্রবির নয়া ভিসি, আলোচনায় ৭ অধ্যাপক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য কে হচ্ছেন, সেটি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন পুনরায় দায়িত্ব পাচ্ছেন নাকি উপাচার্যের রুটিন দায়িত্ব পাওয়া প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস হচ্ছেন নতুন মেয়াদের উপাচার্য, সেটি নিয়ে আলোচনা তুঙ্গে।

এই দুজন ছাড়াও আলোচনায় আছেন আরও অন্তত ৫ জন অধ্যাপক। তারা হলেন- যবিপ্রবি ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান, জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আশীষ কুমার দাস ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

পছন্দের ব্যক্তিকে উপাচার্য পদে বসাতে শিক্ষক, কর্মকর্তারা যেমন তদবিরে আছেন, তেমন রাজনৈতিক শীর্ষ নেতাদেরও নেপথ্যে তৎপরতা রয়েছে। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রার্থী নাকি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে, সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

জানা যায়, গত ১৯ মে প্রফেসর ড. মো.আনোয়ার হোসেনের প্রথম মেয়াদের চার বছর পূর্ণ হয়েছে। তিনি বিদায় সংবর্ধনা নিয়েছেন। পদটি শূন্য হওয়ায় ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নূর-ই-আলমের স্বাক্ষর করা এক অফিস আদেশে যবিপ্রবির অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসকে যবিপ্রবির উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করা হয়।

ওইদিন বিকালে তিনি রুটিন উপাচার্য হিসেবে যবিপ্রবিতে যোগ দেন।  অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে প্রথম মেয়াদ শেষে তাৎক্ষনিকভাবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিয়ে রুটিন উপাচার্য নিয়োগ দেওয়ার বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন প্রফেসর আনোয়ার হোসেনের বিরোধীরা। একই সঙ্গে ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস দায়িত্ব পাওয়ায় তারা খুশি। তারা বলছেন, নয়া ভিসি হিসেবে নতুন মুখই আসছেন।

অপরদিকে, আনোয়ার হোসেনপন্থীরা বলছেন, দ্বিতীয় মেয়াদে ফিরছেন ড.আনোয়ার হোসেন।

তবে শেষ পর্যন্ত কে আসছেন নতুন ভিসি হিসেবে সেটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।

গত ২০ মে যবিপ্রবি শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করে সদস্য বিদায়ি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৫৫টি অভিযোগ উপস্থাপন করেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ড. আনোয়ার হোসেন।

আর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার যশোরে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন রুটিন উপাচার্য অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। এর পর শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তার বহরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সমিতির উভয় গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .