আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে: রিজভী
Advertisement
টঙ্গী শিল্পাঞ্চল (প্রতিনিধি) গাজীপুর
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের অশুভ ইচ্ছার কাছে এই প্রতিষ্ঠান যেন স্থবির হয়ে না যায় সতর্ক থাকতে হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টঙ্গী শিল্প এলাকায় ইংল্যান্ডের বিখ্যাত উইলকিনসন সোর্ড কোম্পানির কারিগরি সহযোগিতায় সরকারি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য সোর্ড ডিসপোজেবল রেজর ব্লেডের সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে পুরোপুরিভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
বর্তমানে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোনো অশুভ শক্তি যেন এই ফ্যাক্টরির উৎপাদন ব্যাহত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কোনো দেশে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যদি কোনো কারণে স্থবির হয়ে যায় তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। গতানুগতিক ধারাবাহিকতা থেকে বের হয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
