সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে ৩৯ জন অসহায়, দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত মানুষের সমস্যা সরাসরি শুনেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বুধবার (৭ অক্টোবর) অসহায় মানুষদের জমিজমা, চিকিৎসা সহায়তা, শিল্পকারখানার সমস্যা এবং পারিবারিক ও সামাজিক নানা সংকটের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের উদ্যোগ নেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে আসা ৭০ বছরের মো. আব্দুল হাই অভিযোগ করেন, পারিবারিক কবরস্থানের জন্য কেনা ১০ শতক জমির মধ্যে পাঁচ শতক তিনি মসজিদের জন্য দান করেছেন এবং রাস্তার জন্য আরও পাঁচ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন; কিন্তু অবশিষ্ট জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে স্থানীয় লোকমান হোসেনের ছেলে কাওছার তাতে বাধা দিচ্ছেন।
অন্যদিকে জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ধরেন আরেক ভুক্তভোগী। তার অভিযোগ, না জানিয়েই দক্ষিণখান এলাকায় ফায়ার সার্ভিসের জন্য তার জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির দাগ, অধিগ্রহণের পরিমাণ ও ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়ে জটিলতার কথা তুলে ধরেন তিনি। অভিযোগ শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট নথি তলব করেন এবং বলেন, অধিগ্রহণের ক্ষেত্রে ৪, ৭ ও ৮ ধারার আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং কর্মকর্তাদের একাধিকবার সরেজমিন যেতে হয়। তাই গোপনে অধিগ্রহণের কোনো সুযোগ নেই। জমিটি প্রকৃতপক্ষে আবেদনকারীর হলে তিনি কেন ক্ষতিপূরণ পাননি, তা যাচাই করে দেখা হবে।
এছাড়া তৈরি পোশাক শ্রমিক কামরুল হাসানসহ অন্য ভুক্তভোগীরাও নিজ নিজ সমস্যা তুলে ধরেন।
অসুস্থ নাজমা আক্তার (৬৫) নিজের ও স্বামীর শারীরিক অসুস্থতার কথা জানালে জেলা প্রশাসক আসন থেকে উঠে দাঁড়িয়ে সহমর্মিতার সঙ্গে তার কথা শোনেন এবং তাৎক্ষণিক সহায়তার নির্দেশ দেন।
দীপু রানী নামের এক নারী তার শ্বশুরের সম্পত্তিতে ন্যায্য হিস্যা না পাওয়ার অভিযোগ জানান।
এ সময় জেলা প্রশাসক জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিচ্ছে। তিনি প্রকৃত রোগীদের নিয়ম মেনে এ সুবিধার জন্য আবেদন করার আহ্বান জানান।
জেলা প্রশাসক (ডিসি) বলেন, প্রায় প্রতিদিনই নানা সমস্যা নিয়ে অসহায় মানুষজন আসেন। দুর্ভোগ কমাতে তাদের কথা মনোযোগ দিয়ে শুনে যথাসম্ভব দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।
