বিএনপির সমাবেশ, লক্ষ্মীপুরে ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৮:৩৭ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার রাতে জেলা বাস মালিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এদিকে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা আউটার স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এ সমাবেশে জনগণের উপস্থিতিতে বাধা দিতেই মিথ্যে অভিযোগে যুবলীগ নেতা টিপু বাস বন্ধের ঘোষণা করেছে বিএনপির দাবি।
বাস মালিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, মঙ্গলবার বিকালে রায়পুরের রাখালিয়া এলাকায় একটি বাস ভাঙচুর করা হয়েছে। এতে মালিক সমিতির জরুরি বৈঠক ডাকা হয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ভাঙচুরের প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় সব বাস চলাচল বন্ধ থাকবে।
তবে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, রায়পুরে বাস ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি। কেউ আমাদের অভিযোগও করেনি। বাস চলাচল বন্ধের বিষয়টিও জানা নেই।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, আমাদের সমাবেশে জনগণের উপস্থিতিতে হ্রাস করতেই বাস মালিকরা সিদ্ধান্তটি নিয়েছে। হঠাৎ বাস বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। তবে আমাদের সমাবেশ সফল করতে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। আশা করি সরকার দলও এতে বাধা দেবে না। যদি পথে পথে বাধাগ্রস্ত না হয়, তা হলে সমাবেশস্থলে জনগণের ঢল নামবে।
