জাল ভোট দিতে গিয়ে ধরা, গ্রিল কেটে পালালেন নৌকার প্রার্থী
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১২:৩৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে জালভোট দেওয়ার সময় জনতার রোষানলে পড়ে নৌকা প্রতীকের প্রার্থী সাইদুর রহমান সুজন। জালভোট দেয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা তার কক্ষে সুজনকে আটক রাখেন। পরে তিনি ওই কক্ষের গ্রিল কেটে পালিয়ে যায়।
বুধবার বিকালে বিরুলিয়ার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পরপর প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে সাইদুর রহমান সুজন তার নিজের প্রতীক নৌকায় সিল মারা শুরু করেন। দীর্ঘ সময় তিনি একটি কক্ষে প্রবেশ করে জালভোট দেওয়ার কারণে বাইরে অপেক্ষমাণ ভোটার ও দর্শনার্থীরা ক্ষুব্ধ হয়ে স্কুল মাঠে বিক্ষোভ শুরু করে।
এর এক পর্যায়ে বিক্ষুব্ধরা ওই কক্ষের সামনে গিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করে। এ সময়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ঘটনাস্থলে পৌঁছে নৌকা প্রতীকের চেয়ারম্যান সাইদুর রহমানকে জালভোট দেওয়ার অভিযোগে একটি কক্ষে আটক রাখেন। প্রায় ঘণ্টা খানেক পর সুজন ওই কক্ষের গ্রিল কেটে পালিয়ে যায়।
ভবানীপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ যুগান্তরকে বলেন, এসব ঘটনায় সামাল দিতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানতে পারি আটক সাইদুর রহমান সুজন ওই কক্ষের গ্রিল কেটে পালিয়ে গেছে।
জানতে চাইলে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন বলেন, ভবানিপুরে কেন্দ্র পরিদর্শনে গেলে কারণ ছাড়াই আমাকে প্রিসাইডিং অফিসারের কক্ষে আটকে রাখে। খবর পেয়ে আমার এক ছোট ভাই জানলার দুটি রড কেটে আমাকে উদ্ধার করে। তবে ওই কেন্দ্রে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
