অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশার আলো, নতুন ওষুধে দ্বিগুণ বেঁচে থাকার সম্ভাবনা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম
এরই মধ্যে প্রাথমিকভাবে ওষুধটি ব্যবহারের সুযোগ পাওয়া কয়েকজন রোগী কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন।
|
ফলো করুন |
|
|---|---|
বড় একটি ক্লিনিক্যাল পরীক্ষায় উন্নত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ করার প্রমাণ পাওয়ার পর রেভল্যুশন মেডিসিনসের তৈরি নতুন ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। প্রাণঘাতী এই ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য এটি নতুন আশার সঞ্চার করেছে।
দিনে একবার সেবনযোগ্য ওষুধটির ব্র্যান্ড নাম ‘রাসনকিউ’ । পূর্বে চিকিৎসা নেওয়া হয়েছে অথবা একাধিক ওষুধের সমন্বিত কেমোথেরাপি নেওয়া সম্ভব নয়—এমন মেটাস্ট্যাটিক অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য এটি অনুমোদন দেওয়া হয়েছে। ওষুধটি আরএএস প্রোটিনের কয়েকটি ধরনকে বাধাগ্রস্ত করে কাজ করে। অগ্ন্যাশয়ের অনেক ক্যানসারে টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করতে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রেভল্যুশন মেডিসিনস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন ৩০ দিনের ওষুধের সরবরাহের দাম ৩৯ হাজার ৮০০ ডলার। তবে বাণিজ্যিক স্বাস্থ্যবিমার আওতাভুক্ত যোগ্য রোগীরা কো-পে সহায়তা পেলে কোনো অর্থ না দিয়েও ওষুধটি পেতে পারেন।
এপ্রিলে ওষুধটির পরীক্ষার ফল প্রকাশের পর রোগীদের মধ্যে এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। এরপর এফডিএ দ্রুত তাদের ‘কমপ্যাশনেট ইউজ’ কর্মসূচির আওতায় ওষুধটির প্রাথমিক ব্যবহারের অনুমতি দেয়। এই কর্মসূচির মাধ্যমে গুরুতর বা জীবনহানির ঝুঁকিতে থাকা রোগীরা নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের আগেই ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে পরীক্ষামূলক চিকিৎসা পাওয়ার সুযোগ পান।
এরই মধ্যে প্রাথমিকভাবে ওষুধটি ব্যবহারের সুযোগ পাওয়া কয়েকজন রোগী কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনের ৮৮ বছর বয়সি বারবারা অ্যান্ডেস এক বছর কেমোথেরাপি নেওয়ার পর জুলাইয়ে ওষুধটি সেবন শুরু করেন। তিনি জানান, ওষুধটি খাওয়ার পর তিনি স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পেরেছেন এবং বমিভাব ও ক্লান্তিও অনেক কম হয়েছে।
ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের হেল ফ্যামিলি সেন্টার ফর প্যানক্রিয়াটিক ক্যানসার রিসার্চের পরিচালক ব্রায়ান উলপিন বলেন, মেটাস্ট্যাটিক অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য এই অনুমোদন দীর্ঘ প্রতীক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।
দ্রুত অনুমোদন
গত বছর এফডিএর নতুন দ্রুত অনুমোদন প্রক্রিয়ার আওতায় গৃহীত প্রথম দিকের পণ্যগুলোর একটি ছিল ওষুধটি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য চাহিদা ও অপূর্ণ চিকিৎসা প্রয়োজন মেটাতে তৈরি চিকিৎসার অনুমোদন প্রক্রিয়া দ্রুত করাই এই ব্যবস্থার লক্ষ্য। সাধারণত যেখানে অনুমোদনে ১০ থেকে ১২ মাস সময় লাগে, সেখানে নতুন প্রক্রিয়ায় তা কমিয়ে এক থেকে দুই মাসে আনার চেষ্টা করা হয়।
রাসনকিউ বড় ধরনের নতুন চিকিৎসা বিকল্প হয়ে উঠতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে। চলতি বছরে রেভল্যুশন মেডিসিনসের শেয়ারের দাম ১৬৬ শতাংশ বেড়েছে। তবে ওষুধটির অনুমোদন অনেকটাই প্রত্যাশিত থাকায় অনুমোদনের পর কোম্পানিটির শেয়ারের দাম খুব একটা পরিবর্তিত হয়নি; তা ২১১ দশমিক ৭০ ডলারে ছিল।
আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষকদের মতে, দ্রুত অনুমোদন এবং ইতোমধ্যে ২ হাজারের বেশি রোগীর এক্সপ্যান্ডেড অ্যাকসেস কর্মসূচিতে অন্তর্ভুক্তি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসা থেকে প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার আয় এনে দিতে পারে। চতুর্থ প্রান্তিকে বিক্রি ১৪ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছাতে পারে।
দীর্ঘমেয়াদে ওষুধটি বছরে ১ হাজার ১৫০ কোটি ডলার পর্যন্ত বিক্রি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। আমেরিকান ক্যানসার সোসাইটির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৭ হাজার ৩৫০ জন নতুন করে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হতে পারেন।
আরবিসি ক্যাপিটাল মার্কেটসের বিশ্লেষকেরা বলেন, ওষুধটির পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক এবং এই রোগের চিকিৎসায় বড় ধরনের অপূর্ণ চাহিদা থাকায় বাজারে এর তুলনামূলক বেশি দাম গ্রহণযোগ্য হতে পারে।
সূত্র: সিএনএন


