জেনে নিন রাত ও দিনের মধ্যে কখন কর্টিসল বাড়ে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কর্টিসল আপনার শরীরের জন্য প্রয়োজনীয়। তবে অধিক ক্ষরণে বিপদও বাড়ে। ঘুম, বিপাকহার ও শরীরের বহু জরুরি কাজকর্ম সম্পাদনে সাহায্য করে যে ‘কর্টিসল’, ক্ষেত্রবিশেষে সেই হরমোনই হতে পারে বিপদের কারণ। আর কর্টিসল বেড়ে যাওয়া মানেই দুশ্চিন্তা কিংবা ভয়ের কারণ হতে পারে? কেন এই হরমোন আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ?
অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নিঃসৃত কর্টিসল হরমোন বেশি ক্ষরিত হলে মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা বাড়তে পারে। এমনিতে ঘুম থেকে উঠতে সাহায্য করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাসহ অনেক জরুরি কাজ রয়েছে এ হরমোনটির। তবে মাত্রা বেড়ে গেলেই বাড়তি মেদ জমতে পারে শরীরে, ঘুমের সমস্যা হতে পারে, উদ্বেগ বাড়তে পারে। মানসিক চাপের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।
অনেক সময়ে সকাল হলেই মানসিক চাপ বাড়ে। হাজার চিন্তা মাথায় ঘুরতে থাকে। রক্তপরীক্ষায় সকালের দিকে কর্টিসলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান—বিশেষ করে যারা মানসিক চাপ, ঘুমের সমস্যা বা অকারণে ওজন বাড়ার মতো সমস্যায় ভুগছেন। তবে চিকিৎসকেরা বলছেন, সারা দিনে শরীরে কর্টিসলের মাত্রা স্বাভাবিকভাবেই ওঠানামা করে। তাই একটি রিপোর্ট দেখেই ভয় না পেয়ে তার কারণ ও লক্ষণগুলো বোঝা প্রয়োজন।
কর্টিসল কী এবং সকালে কেন বাড়ে?
‘স্ট্রেস হরমোন’ হিসেবে পরিচিত কর্টিসল শরীরে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বিপাকক্রিয়া এবং ঘুম-জাগরণের চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের হরমোন ও ডায়াবেটিসের চিকিৎসক প্রণব ঘোড়ির মতে, ভোরের দিকে শরীরে কর্টিসল বাড়তে শুরু করে এবং সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর সারা দিন ধরে ধীরে ধীরে কমে মাঝরাতে সর্বনিম্ন স্তরে নেমে আসে। সকালের এ বৃদ্ধি মূলত শরীরকে ঘুম থেকে জাগিয়ে দৈনন্দিন কাজের জন্য প্রস্তুত করতে সাহায্য করে।
সকাল ৮টায় রক্ত পরীক্ষায় কর্টিসলের স্বাভাবিক মাত্রা সাধারণত ৫ থেকে ২৫ মাইক্রোগ্রাম প্রতি ডেসিলিটারের মধ্যে থাকে। তবে ল্যাবরেটরি ও পরীক্ষা পদ্ধতির ওপর ভিত্তি করে এই মান কিছুটা ভিন্ন হতে পারে। নির্ধারিত সীমার চেয়ে সামান্য বেশি রিডিং এলেই যে হরমোনজনিত বড় কোনো সমস্যা হয়েছে, তা নয়। তবে মাত্রাটি যদি ক্রমাগত বেশি হতে থাকে এবং শরীরে নির্দিষ্ট কিছু উপসর্গ দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সকালে কর্টিসল বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে চিকিৎসকরা বলেন, শারীরিক বা মানসিক চাপ, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত ব্যায়াম, ব্যথা, সংক্রমণ বা যে কোনো অসুস্থতার কারণে সাময়িকভাবে কর্টিসল বেড়ে যেতে পারে। এ ছাড়া কিছু ওষুধ (বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ), গর্ভাবস্থা এবং ইস্ট্রোজেনযুক্ত গর্ভনিরোধক ওষুধের প্রভাবেও রক্তে কর্টিসলের মাত্রা বেশি আসতে পারে।
দীর্ঘসময় ধরে শরীরে অতিরিক্ত কর্টিসল তৈরি হলে তা ‘কুশিং সিনড্রোম’-এর লক্ষণ হতে পারে। পিটুইটারি বা অ্যাড্রিনালিন গ্রন্থির কোনো সমস্যা কিংবা দীর্ঘদিন স্টেরয়েডজাতীয় ওষুধ ব্যবহারের কারণে এই রোগ হতে পারে। তবে চিকিৎসকের কথায়, কেবল একটি রক্তপরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কুশিং সিনড্রোম নিশ্চিত করা সম্ভব নয়, এর আসল কারণ জানতে আরও বিস্তারিত পরীক্ষার প্রয়োজন হয়।
কোন উপসর্গগুলো দেখলে সতর্ক হবেন?
অকারণে ওজনবৃদ্ধি: বিশেষত পেট, মুখ ও পিঠের উপরের অংশে মেদ জমা, কিন্তু হাত ও পা ক্রমশ সরু হয়ে যাওয়া। আর মুখমণ্ডল অস্বাভাবিকভাবে গোল ও ভরাট দেখানো। এ ছাড়া পেটের ত্বকে বেগনি রঙের ফাটা দাগ দেখা দেওয়া। সেই সঙ্গে ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে যাওয়ায় সামান্য আঘাতেই কালশিটে পড়া। বিশেষ করে হাত ও পায়ের পেশিতে শক্তি কমে যাওয়া। দীর্ঘদিন ধরে কর্টিসল বৃদ্ধির ফলে রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এতে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং মানসিক অস্থিরতা বা মেজাজ খিটখিটে হয়ে যায়।
তবে সতর্ক হওয়া প্রয়োজন। ওজনবৃদ্ধি, পেশির দুর্বলতা, সহজেই কালশিটে পড়া কিংবা রক্তচাপের উপসর্গগুলো ধীরে ধীরে বাড়তে থাকলে, চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
