ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম?
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল মূল্যবান এই ধাতুটির দাম। কিন্তু মঙ্গলবার তা সমন্বয় হয়নি।
এদিন বাংলাদেশের স্থানীয় সময় ১১টা দিকে স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্স ৪ হাজার ৩০২ দশমিক ১৩ ডলার। সোমবার ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪১ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হার নিয়ে সিদ্ধান্ত জানাবে ফেড। বাজারে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকটি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নিয়ে যাবে।
তবে বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ানোর চেয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি যদি ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেন, তাহলে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে। বিপরীতে, ধীরে ও পরিমিত গতিতে নীতি কঠোর করার ইঙ্গিত দিলে তা স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে।
সাধারণত মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে সুদের হার বাড়লে কোনো সুদ না দেওয়া স্বর্ণে বিনিয়োগের সুযোগ-ব্যয়ও বেড়ে যায়। ফলে উচ্চ সুদের পরিবেশে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।
স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ছিল প্রতি আউন্স ৬৩ দশমিক ২৫ ডলার। প্লাটিনাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭০ দশমিক ৮১ ডলার এবং প্যালাডিয়াম ০.৪ শতাংশ কমে ১ হাজার ২৮৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

