খেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকোকে বিশেষ ছাড়
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রপ্তানি কার্যক্রম ও সরকারি সেবা সচল রাখার স্বার্থে ঋণখেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো— শাইন পুকুর সিরামিকস, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও বেক্সিমকো কম্পিউটার।
বিশেষ সুবিধার আওতায় কোম্পানিগুলো খেলাপি ঋণ নবায়ন, ঋণপত্র (এলসি) খোলা এবং চলতি মূলধনের জোগান পাওয়ার সুযোগ পাবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বিভিন্ন মেয়াদে ব্যাংক কোম্পানি আইনের কয়েকটি ধারা প্রয়োগের বিধান স্থগিত রাখা হয়েছে। ফলে ঋণখেলাপি হওয়া সত্ত্বেও কোম্পানিগুলো নতুন ঋণসুবিধা নিতে পারবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এক্সিম ব্যাংক থেকে তারা এ সুবিধা পাবে।
শাইন পুকুর সিরামিকস সোনালী ব্যাংকে একটি ঋণখেলাপি প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত, ফলে তাদের রপ্তানি কার্যক্রমের জন্য ব্যাংকিং সেবা আটকে গেছে। রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে খেলাপি হওয়ার পরও এলসি খোলার সুযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চলতি মূলধন ঋণসীমা ১০৫ কোটি টাকার আওতায় এ সুবিধা পাবে। এর মধ্যে সিসি হাইপো ৫৫ কোটি টাকা, এলসি ২৫ কোটি টাকা ১৫ শতাংশ মার্জিনে এবং এলটিআর ২৫ কোটি টাকা ১০ শতাংশ মার্জিনে নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা এ সুবিধা পাবে। আলোচ্য সময়ে কোম্পানির সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা করতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের দায় পরিশোধ করবে। ন্যাশনাল ব্যাংকে ঋণখেলাপি প্রতিষ্ঠান বেক্সিমকো এলপিজি ইউনিট-১-এর অনুকূলে শতভাগ মার্জিনে এলসি খোলা ও চলতি মূলধন দেওয়া যাবে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবে কোম্পানিটি। দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেক্সিমকো কম্পিউটারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি সেবা দেওয়ার চুক্তি রয়েছে। কোম্পানিটি খেলাপি হওয়ার কারণে সেবা কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাদের বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এক্সিম ব্যাংকে বেক্সিমকো কম্পিউটারের অনুকূলে বিভিন্ন গ্যারান্টি রয়েছে। এর মধ্যে ঢাকা ওয়াসা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প সমূহের বিপরীতে ইস্যুকৃত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় ব্যাংক গ্যারান্টি বা পারফরম্যান্স গ্যারান্টি রয়েছে। সেগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় খেলাপি হয়ে পড়েছে। এখন বিশেষ ছাড়ে এসব গ্যারান্টি নবায়ন করা হবে। এক্ষেত্রে ঢাকা ওয়াসার দুটি গ্যারান্টি ২০২৮ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত এবং ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটির মধ্যে একটি ২০২৮ সালের ৩১ ডিসেম্বর ও অপরটি ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে।
বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণদার ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সালমান এফ রহমান গ্রেফতার হন।
