মোজোর মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোক্তাদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের বেভারেজ ব্র্যান্ড মোজোর বৃহৎ কনজিউমার ক্যাম্পেইন ‘মোজো বিরাট CARবার’। ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে ফ্যামিলি কার, স্পোর্টস মোটরসাইকেল, স্মার্ট টিভি ও আইফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
‘মেগা গিফট হ্যান্ডওভার সেরিমনি’ শীর্ষক এ আয়োজনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দ জহুরুল আলম বলেন, মোজোর প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন ভোক্তারা। ‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, এ ক্যাম্পেইন শুধু পুরস্কার জেতার আয়োজন নয়, বরং ভোক্তাদের সঙ্গে প্রতিষ্ঠানের গড়ে ওঠা সম্পর্ক উদযাপনের একটি উপলক্ষ। ক্যাম্পেইনটি সফল করতে অংশগ্রহণকারী প্রত্যেক ভোক্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের ভালোবাসা ও আস্থা ভবিষ্যতে আরও বড় ও ব্যতিক্রমী আয়োজন করতে উৎসাহ জোগাবে।
আয়োজক সূত্রে জানা যায়, মোজো ও ক্লেমনের এক ও দুই লিটারের পেট বোতলের মাধ্যমে ‘মোজো বিরাট CARবার’ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে অংশ নিতে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত মাইক্রোসাইটে প্রবেশ করতে হয়েছে। এরপর বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ভোক্তারা।
ক্যাম্পেইনে মেগা পুরস্কারের পাশাপাশি ছিল অসংখ্য আকর্ষণীয় উপহার। এসব পুরস্কার ও উপহারের মাধ্যমে ভোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভোক্তাদের আস্থা ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও নতুন অভিজ্ঞতা ও আকর্ষণীয় আয়োজন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মোজোর।
