Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি: সংগৃহীত

Advertisement

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত প্রবৃদ্ধির তুলনায় তা ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর প্রমাণ পেয়েছে সরকারের উদ্যোগে পরিচালিত ফরেনসিক নিরীক্ষা। উৎপাদন ও করসংক্রান্ত তথ্যসহ অর্থনীতির সাতটি খাতে এ ধরনের অসংগতি চিহ্নিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থে এবং উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে পরিসংখ্যানকে ব্যবহার করেছে। তার ভাষায়, পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উন্নয়নের অতিরঞ্জিত বয়ান তৈরি করা হয়েছিল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এ সেমিনারে অডিট কমিটির সদস্য ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক মূল প্রতিবেদন উপস্থাপন করেন।

উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। নিরীক্ষার মূল্যায়নে উৎপাদন ও করসংক্রান্ত তথ্যের কারণে প্রবৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর চিত্র উঠে এসেছে। তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন খাতে অতিমূল্যায়নের ফলে প্রবৃদ্ধির হার প্রায় শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছিল।

তিনি বলেন, যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য পাওয়া যায়নি এবং বিবিএসের সরাসরি জরিপের পরিবর্তে প্রশাসনিক বা দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহার করা হয়েছে, সেসব ক্ষেত্রেই অসংগতি বেশি পাওয়া গেছে। শিল্প খাতের ২২টি উপখাতের তথ্য পর্যালোচনা করে সাতটি খাতে অতিরিক্ত মূল্যায়নের প্রমাণ পেয়েছেন গবেষকেরা।

গরমিল পাওয়া গেছে ৭ খাতে

বিআইডিএসের মূল্যায়নে চিহ্নিত সাতটি ক্ষেত্র হলো—বিবিএসের শিল্প উৎপাদন সূচকে ছোট নমুনা ব্যবহার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করসংক্রান্ত তথ্য যাচাইয়ের ঘাটতি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে অতিরিক্ত মূল্য দেখানোর প্রভাব, সরকারি সংস্থার প্রশাসনিক তথ্য যথাযথ যাচাই ছাড়া ব্যবহার, নির্মাণ খাতের তথ্যের অসংগতি, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন নিরূপণে সরাসরি তথ্যের বদলে প্রাক্কলনের ওপর নির্ভরতা এবং আগের তথ্যের প্রবণতা ধরে পরবর্তী হিসাব করায় অতিমূল্যায়নের ধারাবাহিকতা।

সিমেন্ট উৎপাদনের উদাহরণ দিয়ে ড. তিতুমীর বলেন, দেশে সিমেন্টের উৎপাদনের পরিমাণের সঙ্গে জিডিপিতে এ খাতের মূল্য সংযোজনের হিসাবের সামঞ্জস্য পাওয়া যায়নি। পেট্রোলিয়ামসহ কয়েকটি খাতেও একই ধরনের অসংগতি রয়েছে। 

তিনি বলেন, তৈরি পোশাক খাতে এ ধরনের অতিমূল্যায়নের প্রমাণ পাওয়া যায়নি। কারণ, এ খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় উৎপাদন ও মূল্য সংযোজনের হিসাব যাচাই করা সহজ হয়েছে। মূলত সরাসরি জরিপের পরিবর্তে প্রশাসনিক ও দ্বিতীয় পর্যায়ের তথ্যের ওপর নির্ভরশীল খাতগুলোতেই গরমিল বেশি দেখা গেছে।

নিরীক্ষার মূল্যায়নে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে এনবিআরের প্রতিবেদনে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ। পরবর্তী সময়ে এ প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসে। সিমেন্ট ও ওষুধশিল্পের মতো বড় খাতে পণ্যের দাম বাড়ার কারণে উৎপাদনের আর্থিক মূল্যও বেড়েছে। কিন্তু মূল্যবৃদ্ধিকে উৎপাদন বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলার ফলে জিডিপির হিসাবে অতিরিক্ত মূল্যায়ন তৈরি হয়েছে।

রাজস্ব ও রপ্তানি পরিসংখ্যানেও অসংগতি পাওয়া গেছে। ইপিবি, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রপ্তানি তথ্যে পার্থক্য ছিল। এনবিআরের তথ্যেও সমন্বিত বাজেট ও হিসাবব্যবস্থা (আইবাস) চালুর আগে অসংগতি ছিল বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সরকার এখন রপ্তানির হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্যকে প্রামাণ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব অসংগতি দূর করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

হিসাব নির্ভুল করতে ১০ সুপারিশ

জিডিপির হিসাব আরও নির্ভুল ও গ্রহণযোগ্য করতে বিআইডিএস ১০টি সংস্কার সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহে মানসম্মত ছক চালু করা, যাতে তথ্যের উৎস ও পরিবর্তনের বিষয়গুলো নথিভুক্ত থাকে। বিবিএসের দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহারের ক্ষেত্রে কারিগরি যাচাই বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে।

কোনো খাতে উৎপাদন বাড়লে পরিবহণসহ সংশ্লিষ্ট অন্য খাতের তথ্যেও তার প্রতিফলন রয়েছে কিনা, তা যাচাই করার কথা বলা হয়েছে। এ ছাড়া উৎপাদন শিল্পের জরিপ নিয়মিত হালনাগাদ, ২০০৫ সালের পুরোনো ভিত্তিবছরের তথ্য নতুন মানদণ্ডে রূপান্তর এবং ইপিবি, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মতো একাধিক উৎসের তথ্য সমন্বয়ের কৌশল তৈরির সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

জিডিপি গণনার উৎপাদন ও ব্যয় পদ্ধতির পাশাপাশি যাচাইয়ের জন্য আয় পদ্ধতি ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। বিবিএসের পেশাগত নেতৃত্ব ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা, কর্মীদের জন্য উপযুক্ত পেশাগত কাঠামো তৈরি এবং তথ্য প্রকাশের আগে কারিগরি পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রাক্কলনের তথ্য উন্মুক্ত রাখা, দ্রুত প্রকাশ এবং জাতীয় অর্থনৈতিক পরিসংখ্যানের মান ও প্রকাশনা নিয়ে কাজ করার জন্য স্থায়ী কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

তথ্যের বিশ্বাসযোগ্যতা ফেরাতে উদ্যোগ

উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় ফরেনসিক নিরীক্ষার উদ্যোগ নেয়। রাজনৈতিক হস্তক্ষেপ এড়াতে তিনি বা সরকারের সংশ্লিষ্ট কেউ গবেষণার কাজে যুক্ত ছিলেন না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে গবেষকেরা প্রতিবেদন তৈরি করেছেন। পরে বিভিন্ন মত ও পথের অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকেরা তা পর্যালোচনা করেছেন।

পরিসংখ্যানের মানোন্নয়নে বিবিএস কম্পিউটার-সহায়তাপ্রাপ্ত সরাসরি সাক্ষাৎকার পদ্ধতি চালু করেছে জানিয়ে তিনি বলেন, এতে ভৌগোলিক অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা যুক্ত থাকায় তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন কিনা, তা যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি উৎপাদনের প্রকৃত চিত্র যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মতো স্বাধীন সূচক কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি। দ্বিতীয় প্রান্তিকের মধ্যে প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশের লক্ষ্য রয়েছে। তবে তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির সীমাবদ্ধতার কারণে এখনো তা সম্ভব হচ্ছে না। এ জন্য জরিপের মান ও তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তথ্য সবার জন্য উন্মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, গবেষক ও সাধারণ মানুষের সহজে তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার উন্মুক্ত তথ্যনীতি চালুর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে খসড়া নীতি তৈরি হয়েছে। তথ্যের উৎস ও পদ্ধতি উন্মুক্ত থাকলে গবেষকেরা তা যাচাই করতে পারবেন এবং প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ দিতে পারবেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। আমাদের কাছে জিডিপি শুধু একটি সংখ্যা নয়, রাজনৈতিক হাতিয়ারও নয়। জিডিপির সত্যতা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা সরকারের নয়। এটি জনগণের।’

সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, জিডিপির হিসাব নির্ভরযোগ্য করতে বিবিএসের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে আরও নিবিড়ভাবে তথ্য সংগ্রহ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা নির্বাচন জরুরি। তিনি জিডিপির হিসাব প্রণয়নে জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির সুপারিশ করেন।

সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে পতিত সরকার: অর্থ উপদেষ্টা

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

আইএমএফ’র পূর্বাভাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা হবে: তিতুমীর

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

আরও পড়ুন

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

আ.লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল: ড. তিতুমীর

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

বিজিএমইএ-বিকেএমইএর হুঁশিয়ারি শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

ডাকঘর, এফডিআর নাকি ব্যাংক— সঞ্চয় কোথায় নিরাপদ?

ডাকঘর, এফডিআর নাকি ব্যাংক— সঞ্চয় কোথায় নিরাপদ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম