২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় যুক্ত হলো আরও ৩ দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। ২০২৭ সালে দেশের ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৬ সালের তুলনায় আগামী বছর ছুটি বাড়ছে তিন দিন। নতুন তালিকায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ দিবসের ছুটি। এছাড়া দুই ঈদে থাকছে টানা দীর্ঘ ছুটি।
রোববার (২৯ নভেম্বর) ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বর জারি করা সরকারি ছুটির প্রজ্ঞাপনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই তালিকা তৈরি করেছে।
নতুন সূচি অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে।
যেসব কারণে বাড়ল ছুটি
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা পর্যালোচনায় দেখা গেছে, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে তিনটি অতিরিক্ত ছুটি যুক্ত হয়েছে।
২০২৬ সালে জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে ২০২৭ সালে জুমাতুল বিদার জন্য ৫ মার্চ আলাদা ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি থাকবে।
এছাড়া ২০২৬ সালে বুদ্ধপূর্ণিমা ও মে দিবস একই দিনে, অর্থাৎ ১ মে পালিত হয়েছিল। কিন্তু ২০২৭ সালে মে দিবস ১ মে এবং বুদ্ধপূর্ণিমা ২০ মে নির্ধারিত হয়েছে। যদিও বুদ্ধপূর্ণিমার দিনটি কোরবানির ঈদের ছুটির মধ্যেই পড়েছে।
অন্যদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০২৭ সালের ছুটির তালিকায় নতুন করে ছুটি যুক্ত হয়েছে।
