Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

প্রযুক্তি জ্ঞানে দক্ষ শ্রমিক প্রয়োজন: আইবিসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:২৮ পিএম

প্রযুক্তি জ্ঞানে দক্ষ শ্রমিক প্রয়োজন: আইবিসি

Advertisement

দেশের বিভিন্ন শিল্প খাতে প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়ছে। গার্মেন্টস শিল্পেও প্রতিনিয়ত নিত্যনতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এতে শ্রমিকদের কর্মহীন হওয়ার আশংকা বাড়ছে। এমন অবস্থায় সর্বোচ্চ রপ্তানি আয়কারী এই খাত হুমকির মধ্যে পড়তে পারে। এ থেকে উত্তরণের জন্য গার্মেন্টস শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে প্রযুক্তিতে ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মহান মে দিবস উপলক্ষ্যে ‘গার্মেন্টস শিল্পে প্রযুক্তির ব্যবহার : শ্রমিকের জন্য হুমকি নাকি সুযোগের নতুন দ্বার উন্মোচন’- শীর্ষক সংলাপে এসব কথা বলেছেন বক্তারা। সংলাপের আয়োজন করে ইন্ড্রাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের কর্মসূচি শাখার উপ-পরিচালক মাহমুদুল হাসান খান জানান, গার্মেন্টস শিল্প বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, ব্র্যান্ডস-বায়ারদের আচরণে পরিবর্তন, নিম্নতম মজুরি, অধিক উৎপাদন খরচ, কারখানার নিরাপত্তা সমস্যা ও পরিবেশগত ঝুঁকি, দক্ষ শ্রমিকের অভাব, জলবায়ু পরিবর্তন ও অতি-উষ্ণতা, পোশাকের বৈচিত্র্যের অভাব, নিজস্ব কাঁচামালের শিল্পের অপ্রতুলতা এবং শ্রম আইন সংশোধনসহ নানাবিধ প্রতিবন্ধকতার মধ্যদিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘যেকোনো শিল্প খাতে যখন নতুন প্রযুক্তি আসে, তখন তা বেশিরভাগ ক্ষেত্রেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তবে বর্তমানে দেশের প্রায় ২৫৩টি কারখানা সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে অর্ডার সম্পন্ন করছে।’

সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জেডএম কামরুল আনাম বলেন, গার্মেন্টস শিল্পে ইতোমধ্যেই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। প্রযুক্তির ব্যবহার যথাযথভাবে করতে হলে এই খাতের শ্রমিকদের প্রশিক্ষণ প্রয়োজন। এর জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ট্রেড ইউনিয়নগুলোকেও ভূমিকা রাখতে হবে। প্রযুক্তির কারণে শ্রমিকেরা যেন চাকরিচ্যুত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

সংলাপে আরও বক্তব্য দেন- আইবিসির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মীর আবুল কালাম আজাদ, সহস্পমাদক শহীদুল্লাহ ভূঁইয়া, শ্রমিক নেত্রী তাহমিনা রহমান প্রমুখ।

Advertisement

প্রযুক্তি জ্ঞান দক্ষ শ্রমিক প্রয়োজন আইবিসি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম