Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জুবিনের মৃত্যুর কারণ সম্পর্কে যা জানাল সিঙ্গাপুর পুলিশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

জুবিনের মৃত্যুর কারণ সম্পর্কে যা জানাল সিঙ্গাপুর পুলিশ

প্রয়াত জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

Advertisement

গত বছরের ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা জুবিন গার্গ। মৃত্যুর পর থেকেই এর সঠিক কারণ কি সেটা নিয়ে রহস্য যেন শেষই হচ্ছিল না। অবশেষে সেই রহস্যই উদঘাটন করেছে সিঙ্গাপুর পুলিশ। 

সম্প্রতি দেশটির পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, জুবিনের মৃত্যু কোনো হত্যাকাণ্ড নয়; এটি ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। সমুদ্রে নেমে লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করাই তার মৃত্যুর প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। 

গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করতে সে দেশে যান আসামের সংগীতজগতের এই কিংবদন্তি। কিন্তু তার পারফর্মের ঠিক আগের দিন সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় তার। বুধবার (১৪ জানুয়ারি) কোরোনার কোর্টে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্যই উঠে এসেছে। 

তদন্তে বলা হয়, জুবিন প্রথমে লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন। দ্বিতীয়বার লাইফ জ্যাকেট দেওয়া হলেও তিনি তা পরতে অস্বীকার করেন এবং একা লাজারাস আইল্যান্ডের দিকে সাঁতার কাটতে শুরু করেন। সেখানে থাকা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে ইয়টের দিকে ফিরতে গিয়ে তিনি নিস্তেজ হয়ে ভেসে যেতে থাকেন এবং তার মুখ পানির মধ্যে ছিল। সেখান থেকে দ্রুত উদ্ধার করে সিপিআর দেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। 

সিঙ্গাপুর পুলিশ জানায়, জুবিনের উচ্চ রক্তচাপ ও মৃগী রোগের ইতিহাস ছিল। দুর্ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ নিয়েছিলেন কিনা, সেটা নিশ্চিত হওয়া যায়নি। অটোপসি রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ‘ড্রাউনিং’ বা ডুবে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তবে উদ্ধারকালে শরীরে যে আঘাতগুলো পাওয়া গেছে, সেগুলো সিপিআর বা উদ্ধার কার্যক্রমের সময়ের বলে নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইয়টে প্রায় ২০ জন উপস্থিত ছিলেন এবং সেখানে খাবার, পানীয় ও অ্যালকোহল পরিবেশন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, জুবিনও অ্যালকোহল গ্রহণ করেছিলেন। টক্সিকোলজি রিপোর্টে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ৩৩৩ মিলিগ্রাম প্রতি ১০০ মিলিলিটার-যা গুরুতর মাতাল অবস্থার ইঙ্গিত দেয় এবং সমন্বয় ও প্রতিক্রিয়াশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। 

সিঙ্গাপুর পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এই ঘটনায় কারো বিরুদ্ধে অপরাধমূলক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এই গায়কের মৃত্যু সম্পূর্ণ দুর্ঘটনাজনিত কারণে হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম