Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেম ছাড়াও তো সম্পর্ক হতে পারে: ভাবনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

প্রেম ছাড়াও তো সম্পর্ক হতে পারে: ভাবনা

Advertisement

বিনোদন জগতের অভিনেত্রী, লেখক ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা ছোটপর্দার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। বড়পর্দায় তার অভিনীত প্রথম সিনেমা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই তিনি নাচের সঙ্গে যুক্ত রয়েছেন। আবার নিয়মিত লেখালেখিও করেন ভাবনা। অমর একুশে বইমেলায় তার একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ উল্লেখযোগ্য।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সম্পর্কের অর্থ জানতে চাইলে আশনা হাবিব ভাবনা বলেন, যে কোনো নারী–পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। সেই সম্পর্কে ভালো বন্ধুত্বের মধ্যেও প্রতারণা থাকতে পারে, ভুল বোঝাবুঝির সমস্যাও থাকতে পারে, মান-অভিমান থাকতে পারে। কিন্তু আমরা ধরে নিই— শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই অভিমান তৈরি হয়। আসলে সব সম্পর্কেই বিচ্ছেদ থাকতে পারে বলে জানান অভিনেত্রী।

ফেসবুকে সম্পর্কে জোড়ানো কিংবা বের হওয়ার স্ট্যাটাস দেওয়া প্রসঙ্গে ভাবনা বলেন, জীবন তো সবসময় এক রকম চলে না। সম্পর্কগুলো বদলে যায়। আমার তো কারও সঙ্গে প্রেমের সম্পর্কই নেই। আমি কোনো সম্পর্কে নেই। যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই আমার সম্পর্কের কথা জানবে। এখন প্রশ্ন হতে পারে— সম্পর্ক বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। প্রেম ছাড়াও তো নানা ধরনের সম্পর্ক হতে পারে। সেগুলো থেকেও বের হয়ে আসা যায়। সেটা নিয়েও তো আমার স্ট্যাটাস হতে পারে।

পারলারে যাওয়া প্রসঙ্গে ভাবনা বলেন, পারলারে কি শুধু শুটিং থাকলেই আসতে হয়? আজ শুটিং নেই। ব্যক্তিগত প্রয়োজনে এসেছি। নিজেকে সময় দিচ্ছি। কয়েক দিন কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম।

কোন কাজের শুটিং শেষ করলেন? এর উত্তরে অভিনেত্রী বলেন, আমি, ইরফান সাজ্জাদ আর দীঘি একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছি। পরিচালনা করেছেন সুমন ধর। সিনেমার প্রথম কিস্তির কাজ শেষ। এখন দ্বিতীয় লটের শুটিং শুরুর অপেক্ষায় আছি। এটি ঈদে আসবে। শুধু এটুকু বলব— দারুণ একটা কাজ হচ্ছে।

অভিনেত্রী দীঘির সঙ্গে নাকি দারুণ বন্ধুত্ব? তিনি বলেন, দীঘি অনেক মিষ্টি মেয়ে (হা হা)। সে বয়সে আমার অনেক ছোট, কিন্তু ওর সঙ্গে আমার ভালো মিল আছে। বয়সে ছোট হলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। আমরা অনেক আড্ডা দিই, মজা করি।

আপনার সব সিনেমাই কি নারীপ্রধান?—এমন প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, দেশে এমনিতেই নারীদের নিয়ে গল্প কম হয়। আর এ ধরনের গল্পের চরিত্রে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ। চরিত্রের মাধ্যমে নারীদের হয়ে কথা বলতে চাই।  তিনি বলেন, মজার ব্যাপার হলো— আমি সব সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করছি। আর পার্শ্বচরিত্র হলে কখনোই অভিনয় করতাম না। সিনেমায় কাজ করলে নায়িকা হয়েই করব। আমি মেরিল স্ট্রিপের মতো অভিনয় করে যেতে চাই। সারাজীবনই নায়িকা হয়ে থাকতে চাই। 

এমন সিদ্ধান্ত কেন, জানতে চাইলে অভিনেত্রী বলেন, যারা পার্শ্বচরিত্রে অভিনয় করেন, তাদের সম্মান জানাই। আমি কোনো চরিত্রকেই ছোট করতে চাই না—সব চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি একবার পার্শ্বচরিত্রে নাম লেখাই, তখন প্রযোজক-পরিচালকরা সেই চরিত্রের জন্যই ডাক দেন। আমাদের এখানে যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রফেশনালিজমের অভাব রয়েছে। তিনি বলেন, আমার নিজেরও অনেক চিত্রনাট্য পড়ে মনে হয়, পার্শ্বচরিত্রে অভিনয় করা উচিত। কিন্তু নায়িকা হিসেবে ভবিষ্যতের কথা ভেবে তা করি না।

শুটিং ছাড়া সময় কাটে কীভাবে?— এমন প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, নিজেকে সময় দিই। এই যে দেখুন, পারলারে চলে এসেছি (হাসি)। বেশির ভাগ সময় বই পড়ি, সিনেমা দেখি, পরিবারকে সময় দিই। নতুন কাজগুলোর জন্য প্রস্তুতি নিই। পায়েল সিনেমার ডাবিং শেষ করেছি। এখন নতুন একটি ওয়েব প্রকল্পে কাজ করব। সেটা নিয়েও ভাবতে হচ্ছে।

শেষে কাজের পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, সুমন ধরের সিনেমার শুটিং শেষ করব। এরপর ডাবিংয়ের কিছু কাজ রয়েছে, সেগুলো শেষ করব। আর ঈদে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় আইস্ক্রিনের জন্য একটি ওয়েব প্রজেক্টে কাজ করব। এটি নিয়ে এখনো কিছু বলা যাবে না। এদিকে কিছু সিনেমা ফেস্টিভ্যালে যাচ্ছে—সেগুলো নিয়ে পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। মনে হয়, শিগগিরই সুখবর দিতে পারব বলে জানান আশনা হাবিব ভাবনা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম