Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন করে ‘হোক কলরব’ ঘিরে বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

নতুন করে ‘হোক কলরব’ ঘিরে বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ

পরিচালক রাজ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউড নির্মাতা-প্রযোজক রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এর আগে ছবির টিজারের একটি সংলাপ ঘিরে শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা। এবার সিনেমা মুক্তির পর নতুন করে আইনি জটিলতায় জড়ালেন পরিচালক। 

এর আগে প্রকাশিত টিজারের একটি দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়—নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না— ঝোলাই। 

অভিনেতা শাশ্বতের এই সংলাপ ঘিরে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই অভিযোগ করে বলেন, এতে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে অবমাননা করা হয়েছে। 

এর মধ্যেই আবার শুক্রবার (২৩ জানুয়ারি) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতেই নতুন করে বিপাকে পড়েছেন রাজ চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অভিষেক বিশ্বাস পরিচালককে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশের কপি তিনি সামাজিক মাধ্যমে প্রকাশও করেছেন। 

যদিও রাজ চক্রবর্তী এর আগেই দাবি করে বলেছেন, ‘হোক কলরব’ সিনেমা মানেই রাজনীতি নয়, তবু সিনেমার বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। মুক্তির পর এ আইনি নোটিশ সেই বিতর্ককে আরও নতুনমাত্রা দিল বলেই মনে করছেন অনেকে। 

প্রাক্তন শিক্ষার্থী অভিষেক বিশ্বাসের অভিযোগ, সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। 

নিজের পোস্টে তিনি লিখেছেন,  সম্প্রতি ‘হোক কলরব’ নামের একটি সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে নানাভাবে মিথ্যাচার করা হয়েছে, যা ট্রেলার ও টিজার দেখলেই স্পষ্ট। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পেট্রলবোমা ছোড়া বা থানায় আগুন লাগানোর মতো মারাত্মক অপরাধ দেখানো হয়েছে। অথচ বিগত ৫০ বছরের ইতিহাসে শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল ছাড়া এমন ঘটনার কোনো নজির নেই। 

এ শিক্ষার্থী আরও বলেন, একজন সাবেক হিসেবে বিশ্ববিদ্যালয়ের মানহানির প্রতিবাদ জানাতেই তিনি ব্যক্তিগতভাবে আইনি নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে। 

নিজের আবেগের কথা তুলে ধরে অভিষেক বিশ্বাস বলেন, আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু মূর্তি পূজায় নয়। আমার কাছে মন্দির একটাই— যাদবপুর বিশ্ববিদ্যালয়। সারা বাংলা ও ভারতের বহু পড়ুয়া আজও স্বল্প খরচে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে যাদবপুরের জন্য। সারাক্ষণ যদি সিনেমায় দেখানো মতো কাজই চলত, তাহলে পড়াশোনা হতো কখন? শিল্পীর স্বাধীনতা থাকুক, কিন্তু মিথ্যা ছড়ানো নয় বলে জানান এ প্রাক্তন শিক্ষার্থী। 

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ সিনেমাটি শুক্রবার (২৩ জানুয়ারি) মুক্তি পেয়েছে। প্রায় এক দশক আগে যে স্লোগান ঘিরে রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান উত্তাল হয়েছিল, সেই ‘হোক কলরব’ শব্দবন্ধকেই কেন্দ্র করে ছাত্ররাজনীতির প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম