Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চৌরঙ্গীখ্যাত লেখক ‘শংকর’ আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

চৌরঙ্গীখ্যাত লেখক ‘শংকর’ আর নেই

সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র মণিশংকর মুখোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পাঠকমহলে ‘শংকর’ নামে পরিচিত প্রখ্যাত এই সাহিত্যিকের বয়স হয়েছিল ৯৩ বছর।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তার।

সেই সময়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মণিশংকরের জীবনাবসান ঘটে।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় প্রখ্যাত এই সাহিত্যিকের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই তার বেড়ে ওঠা ও লেখাপড়া।

পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও হয় সেখান থেকেই। ১৯৫৫ সালে তার প্রথম বই প্রকাশিত হয়। শংকরের জনপ্রিয় লেখার মধ্যে অন্যতম ‘চৌরঙ্গী’।

এছাড়াও তিনি লিখেছেন ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘কত অজানারে’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ ইত্যাদি। এমন এক গুণি সাহিত্যিকের মৃত্যুতে বাঙালি পাঠক, সাহিত্যিকমহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম