Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বায়োপিকের সব রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে ‘মাইকেল’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

বায়োপিকের সব রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে ‘মাইকেল’

বায়োপিক ‘মাইকেল’ মাত্র কয়েক দিনেই ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে সর্বকালের সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।

Advertisement

বিশ্বসংগীতের ইতিহাসে অন্যতম সফল কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জাদু কি আজও অম্লান? বক্স অফিসের সাম্প্রতিক পরিসংখ্যান সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাওয়া বায়োপিক ‘মাইকেল’ মাত্র কয়েক দিনেই ২১ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ১৬০ মিলিয়ন পাউন্ড) আয় করে সর্বকালের সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। 

এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া কুইন ব্যান্ডের ফ্রাডি মার্কারির বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ১২ কোটি ৪০ লাখ ডলার নিয়ে মিউজিক্যাল বায়োপিকের শীর্ষে ছিল। 

তবে ‘মাইকেল’ কেবল মিউজিক্যাল নয়, বরং ২০২৪ সালের অস্কারজয়ী সিনেমা ‘ওপেনহাইমার’-এর রেকর্ডকেও (১৮ কোটি ডলার) ছাড়িয়ে গেছে। 

এখন পর্যন্ত এটিই পৃথিবীর যেকোনো বায়োপিকের মধ্যে সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড। 

অবশ্য সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত হলেও সমালোচকদের মুখে হাসি ফোটাতে পারেনি। সমালোচকদের মতে, মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত দিকগুলো এড়িয়ে গিয়ে এটিকে একটি ‘পরিশোধিত’ বা ‘পরিচ্ছন্ন’ সংস্করণ হিসেবে তুলে ধরা হয়েছে। 

জনপ্রিয় রিভিউ ওয়েবসাইট রোটেন টমেটোসে দেখা গেছে, সাধারণ দর্শকদের রেটিং ৯৭ শতাংশ হলেও সমালোচকদের রেটিং মাত্র ৩৮ শতাংশ। 

আইনি জটিলতা ও চিত্রনাট্যে পরিবর্তন 

সিনেমাটিতে মাইকেলের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগের কোনো উল্লেখ নেই। নির্মাতা অ্যান্টোনি ফুকো জানান, চিত্রনাট্যের প্রথম দিকে নব্বইয়ের দশকের জর্ডান চ্যান্ডলারের অভিযোগের বিষয়টি রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জ্যাকসনের একটি পুরনো ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট’ আবিষ্কৃত হওয়ার পর আইনি জটিলতা এড়াতে সেই দৃশ্যগুলো পরে বাতিল করা হয়। 

ফলে সিনেমাটি ১৯৮৮ সালের ঘটনাপ্রবাহেই শেষ করা হয়েছে। এই ব্যয়বহুল রি-শুটের কারণে সিনেমার বাজেট দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি ডলারে। 

সিনেমাটিতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার আপন ভাতিজা জাফার জ্যাকসন। মাইকেলের মূল কণ্ঠস্বর ব্যবহার করা গানগুলোই সিনেমার প্রধান প্রাণ। এছাড়া তার বাবার চরিত্রে একাডেমি অ্যাওয়ার্ড মনোনীত কোলম্যান ডমিঙ্গোর অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। 

ছবিটির বক্স অফিস সফলতায় লিয়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, ‘সব বয়সের এবং সব ধরনের দর্শকদের উপস্থিতি ছাড়া এই বিশাল অংক অর্জন সম্ভব ছিল না। মানুষ সত্যিই সিনেমাটি উপভোগ করছে।’

উল্লেখ্য, এখন পর্যন্ত ‘মাইকেল’ জাপানে মুক্তি পায়নি। সেখানে এটি আগামী জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, সিনেমাটি দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে। 

সূত্র: বিবিসি 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম