Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অপহৃত স্কুলছাত্রীকে কথিত অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০১ পিএম

অপহৃত স্কুলছাত্রীকে কথিত অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার

অভিযুক্ত সুলতানা রোজ নিপা। ছবি: সংগৃহীত

Advertisement

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে অপহরণের একদিন পর শুক্রবার (১৫ মে) রাজধানীর বাড্ডা এলাকায় এক কথিত অভিনেত্রীর বাসা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় অপহরণের অভিযোগে ওই কথিত অভিনেত্রী সুলতানা রোজ নিপা ও তার ভাইসহ তিনজনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেছে ওই স্কুলছাত্রীর বাবা। 

জানা গেছে, মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থী সেদিন স্কুলে উপস্থিত ছিল না। 

সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও কোনো সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। অপরপ্রান্ত থেকে বলা হয়, আঙ্কেল আপনার মেয়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করেছি। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটি ট্রুকলারে আকাশ নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে আব্বাস আলী ওরফে আকাশ (৩৫) নাম পাওয়া যায়। তার বাবার নাম মৃত জাহাঙ্গীর হোসেন। স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকা এবং বর্তমান ঠিকানা রাজধানী ঢাকার বাড্ডা বলে জানা গেছে।

পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশ রাতে ঢাকার বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর বাসা থেকে উদ্ধার করে। পরে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে অপহরণের ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, সুলতানা রোজ নিপা ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে ভাড়া ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কলেজপাড়ায় ভাড়াবাসায় থাকতেন। এ সময় শিক্ষার্থীর বাড়ির পাশ দিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম